মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম

শেয়ার করুন:

ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের
ছবি: সংগৃহীত

ডি-৮ সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে বাণিজ্য ও বিনিয়োগে রূপ দিতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ। 

একই সঙ্গে পারস্পরিক শুল্ক সুবিধা সম্প্রসারণ, বাণিজ্য বাধা দূর এবং জোটকে আরো কার্যকর করতে পুনর্গঠন ও ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা।

সোমবার (২ নভেম্বর) তুর্কিয়ের ইস্তাম্বুলে কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাধা দূর করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে শুল্ক সুবিধা বাড়ানো ও বাণিজ্য সহজ করার বিষয়েও আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত এবং বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা নিতে হবে। সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদারেরও অনুরোধ জানান তিনি।

চুক্তি বাস্তবায়নের পাশাপাশি জোটের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন খন্দকার আব্দুল মুক্তাদির। ডি-৮কে আরো অর্থবহ করে তুলতে এর পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তঃবাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রস্তাব ও আগ্রহ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের এবং ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে তুর্কিয়ে সফর করছেন বাণিজ্যমন্ত্রী।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর