পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। শ্রমিকদের জীবনমান সুরক্ষার পাশাপাশি শিল্পের সক্ষমতা ও কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এ অবস্থানের কথা জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকেরা যে চাপের মধ্যে রয়েছেন, তা মালিকপক্ষও উপলব্ধি করে। তবে একই সঙ্গে বৈশ্বিক মন্দা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কারখানার রপ্তানি আদেশ কমে যাওয়ার মতো চ্যালেঞ্জও রয়েছে। তাই শ্রমিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার পাশাপাশি কারখানার কার্যক্রম সচল রাখাও সমান গুরুত্বপূর্ণ।
মোহাম্মদ হাতেম বলেন, নতুন মজুরি বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক, তিন পক্ষেরই প্রতিনিধি রয়েছেন। আলাপ-আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব বলে তারা বিশ্বাস করেন। এমন একটি কাঠামো চান, যা শ্রমিকদের জীবনমান সুরক্ষিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতাও ধরে রাখবে।
তিনি আরও বলেন, শ্রমিক ও শিল্প একে অপরের পরিপূরক। দুই পক্ষ একসঙ্গে ভালো থাকলেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধানে পৌঁছানোর চেষ্টা করতে হবে।
বিকেএমইএ সভাপতি বলেন, ‘শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, শিল্প বাঁচলেই শ্রমিক বাঁচবে।’
এমআর/এআর




