বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক প্রবাসী সম্প্রদায়ের সম্পর্ক জোরদার, বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি, ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধি এবং প্রবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
রোববার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহা. সাহিদুজ্জামান ট্রিকসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সামিটের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি ও প্রচার কার্যক্রম তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, সামিট সামনে রেখে ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি ও প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, দুবাই এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে বৈঠক করেছেন আয়োজকরা। এসব উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের সম্মেলনে সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের চেষ্টা চলছে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা, আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন পেশাজীবী এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রায় এক হাজার প্রবাসীর অংশগ্রহণে সম্মেলনটি নেটওয়ার্কিং, মতবিনিময়, বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।
সামিটে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। প্যানেল আলোচনা, কৌশলগত সংলাপ ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন এবং বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান খোঁজার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়, আন্তদেশীয় ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত করার বিষয়টিও সম্মেলনে গুরুত্ব পাবে।
আয়োজকরা মনে করছেন, এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ বাংলাদেশ ও বৈশ্বিক প্রবাসী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে।
উল্লেখ্য, এনআরবি ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ স্থাপন, পেশাগত সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ উৎসাহিত করা এবং দেশের উন্নয়ন কার্যক্রমে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে সংগঠনটি।
এম/এআরএম




