সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, বিধিমালার গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, বিধিমালার গেজেট প্রকাশ

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে নির্দিষ্ট শ্রেণির সরকারি, বেসরকারি ও বিদেশি মালিকানাধীন কোম্পানি। এজন্য ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ অন দ্য স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’ শীর্ষক বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এই বিধিমালা প্রকাশ করা হয়। আজ সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন বিধিমালা অনুযায়ী, যোগ্য কোম্পানিগুলো নতুন শেয়ার ইস্যু করে আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহ ছাড়াই বিদ্যমান শেয়ারধারীদের শেয়ার বিক্রির মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারবে। এর ফলে প্রতিষ্ঠিত ও আর্থিকভাবে শক্তিশালী কোম্পানিগুলোর পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিএসইসির চূড়ান্ত বিধিমালায় সরাসরি তালিকাভুক্তির জন্য সাত শ্রেণির কোম্পানিকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে শতভাগ বা কমপক্ষে ৫১ শতাংশ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। এ ছাড়া যেসব কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের মালিকানায় রয়েছে, সেগুলোও এ সুযোগ পাবে। শতভাগ বা কমপক্ষে ৫১ শতাংশ বিদেশি মালিকানাধীন কোম্পানিও সরাসরি তালিকাভুক্ত হতে পারবে।

এ ছাড়া সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কমপক্ষে ৫০০ কোটি টাকা নিট সম্পদমূল্য রয়েছে— এমন তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি এ সুযোগের আওতায় আসবে। খসড়া বিধিমালা নিয়ে আলোচনায় বার্ষিক লেনদেন বা সম্পদ ৫০০ কোটি টাকা হলেই যোগ্য হওয়ার বিষয়টি সামনে এসেছিল। তবে চূড়ান্ত বিধিমালায় বার্ষিক লেনদেন কমপক্ষে এক হাজার কোটি টাকা হওয়ার শর্ত রাখা হয়েছে।

বিধিমালায় বিএসইসিতে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি এবং ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানিকেও সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে কমিশন চাইলে অন্য কোনো কোম্পানিকেও এই সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করতে পারবে।

এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর