রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর
আশিক চৌধুরীর ও ফিলিপ অং

বাংলাদেশের বন্দর, লজিস্টিকস ও অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। বিশেষ করে সিঙ্গাপুরের বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনালের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আলোচনায় গুরুত্ব পেয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অংয়ের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, প্রাতিষ্ঠানিক সমন্বয়, অবকাঠামো উন্নয়ন এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক উঠে আসে।

বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষকে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের উদ্যোগের প্রশংসা করেন ফিলিপ অং। তিনি বলেন, এ ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য আরও সমন্বিত, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

আশিক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক একীভূতকরণ ও সমন্বয়ের এ উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হতে পারে। পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠানকে এর সঙ্গে যুক্ত করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য কার্যকর লজিস্টিকস সহায়তা নিশ্চিত করা, বিশেষ করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগ উৎসাহিত করা, বেসরকারিকরণ কার্যক্রম এগিয়ে নেওয়া, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং শিল্পের বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বৈঠকে বাংলাদেশের অবকাঠামো ও লজিস্টিকস খাতে সিঙ্গাপুরের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় সিঙ্গাপুরের বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনালের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় প্রতিষ্ঠানটির সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা।

ফিলিপ অং বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করার এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নীতিগত ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং পূর্বানুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিনিয়োগ, অবকাঠামো, লজিস্টিকস এবং শিল্প উন্নয়নে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর