বিগত সেপ্টেম্বর মাসে বেড়েছে মূল্যস্ফীতি। অর্থাৎ, বাজারে সামগ্রিকভাবে পণ্য ও সেবার দাম বেড়ে গেছে, কমে গেছে মানুষের ক্রয়ক্ষমতা, একইসঙ্গে কমেছে শ্রমজীবীদের আয়ের পথ। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, বিগত সেপ্টেম্বর মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ হয়েছে। যা ঠিক আগের মাস আগস্টে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদন থেকে এ চিত্র উঠে এসেছে।
আরও পড়ুন: জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
প্রতিবেদনে দেখা যায়, মূল্যস্ফীতির এমন ঊর্ধ্বগতির বিপরীতে একই সময়ে আশঙ্কাজনকভাবে কমেছে জাতীয় সাধারণ মজুরি সূচক। সেপ্টেম্বরে সার্বিক মজুরি সূচক কমে ৭ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসেও ছিল ৮ দশমিক শূন্য ৫ শতাংশ। কৃষিশ্রমিক, শিল্প খাতের কর্মী কিংবা সেবা খাত-সবক্ষেত্রেই শ্রমিকের মজুরি কমে গেছে।
সেপ্টেম্বরে সবচেয়ে বেশি চাপ তৈরি করেছে খাদ্য মূল্যস্ফীতি। ফলে একদিকে আয়ের সংকোচন এবং অন্যদিকে খরচের বোঝা বৃদ্ধি পেয়ে নিম্ন আয়ের মানুষের জীবনধারণ সংকটে পড়েছে।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২২ শতাংশে, যা আগস্টে ছিল ৭ দশমিক শূন্য ২ শতাংশ। মাত্র এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর প্রত্যক্ষ প্রভাবে মাছ, মাংস, ভোজ্যতেল, ডাল, লবণ ও হরেক রকমের শাকসবজিসহ প্রায় সব ধরনের নিত্যপণ্য কিনতেই ভোক্তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।
অন্যদিকে খাদ্য-বহির্ভূত খাতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৯ দশমিক ৩০ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। এক মাসের ব্যবধানে এই খাতে সামান্য স্বস্তি দেখা গেলেও আগের বছরের একই সময়ের তুলনায় পরিস্থিতি এখন বেশ চড়া। গত বছরের সেপ্টেম্বরে খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।
অঞ্চলভেদে পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, শহরের তুলনায় গ্রাম্য এলাকায় পণ্যের দাম ও জীবনযাত্রার খরচের চাপ বেশি। সেপ্টেম্বর মাসে গ্রামে সাধারণ মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৩৮ শতাংশ রেকর্ড করা হয়েছে। তার বিপরীতে শহরের ক্ষেত্রে সাধারণ মূল্যস্ফীতির হার কিছুটা কম, অর্থাৎ ৮ দশমিক ২৬ শতাংশ।
মজুরি কমে যাওয়ার বিষয়ে বিবিএসের বিস্তারিত তথ্যে দেখা গেছে, অর্থনীতির প্রধান প্রধান সব খাতেই আয় সংকুচিত হয়েছে। সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি সূচক কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশে, আগস্টে যা ছিল ৮ দশমিক শূন্য ৭ শতাংশ।
শিল্প খাতেও একই প্রবণতা দেখা গেছে। আগস্টে এই সূচক ৭ দশমিক ৯৭ শতাংশ থাকলেও সেপ্টেম্বরে তা কমে ৭ দশমিক ৮৬ শতাংশে নেমে এসেছে। সেবা খাতেও মজুরি কমে ৮ দশমিক শূন্য ৭ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৫ শতাংশ।
এএইচ




