বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম

শেয়ার করুন:

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশব্যাপী বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ ৩৮ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯৫টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
 
মঙ্গলবার (৬ অক্টোবর) অধিদপ্তরের ৫১টি দল একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ভোক্তা-অধিকারবিরোধী বিভিন্ন কার্যক্রমের বিষয়ে তদারকি করা হয়।
 
অধিদপ্তর জানিয়েছে, অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কিনা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা, তা যাচাই করা হয়। একই সঙ্গে ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রির বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
 
তদারকির সময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে সঠিক ও হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার পাশাপাশি মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি না করতে সতর্ক করা হয়। পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ বা ভাউচার সংরক্ষণ এবং ক্রেতাকে তা দেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
 
জনসচেতনতা বাড়াতে অভিযানের সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
 
ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ বুঝে নেওয়া এবং বিক্রেতার কাছ থেকে ক্রয়ের রসিদ সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
 
পণ্য কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে ভোক্তাদের অনুরোধ করা হয়েছে। বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও ভোক্তা-অধিকার নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
 
এমআর/এআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর