বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পর্দা নামছে আবাসন মেলার, শেষ দিনও ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

পর্দা নামছে আবাসন মেলার, শেষ দিনও ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আবাসন মেলা। ছবি- ঢাকা মেইল

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে শুরু হওয়া তিন দিনব্যাপী আবাসন মেলা শেষ হচ্ছে। আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক ও সরকারি সংস্থার অংশগ্রহণে আয়োজিত এ মেলায় আজ শেষ দিনেও ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা দেখা গেছে। তবে মেলায় দর্শনার্থীদের আগ্রহ থাকলেও সরাসরি কেনাবেচা তুলনামূলক কম বলে জানিয়েছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মেলার বিভিন্ন স্টলে ক্রেতা ও দর্শনার্থীরা ঘুরে ঘুরে আবাসন প্রকল্প, ফ্ল্যাট, প্লট ও সংশ্লিষ্ট সেবা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।

মেলায় অংশ নেওয়া নিউ ভিশনের সেলস ম্যানেজার বাবুল হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘অনেকেই মেলা উপলক্ষে আসছেন। কথা বলছেন, খোঁজখবর নিচ্ছেন। তবে এখানে কেনাবেচা কম। মূলত প্রচারের জন্যই এ মেলা।’

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আবাসন মেলা। ছবি- ঢাকা মেইল
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আবাসন মেলা। ছবি- ঢাকা মেইল

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে গত সোমবার (৫ অক্টোবর) এ মেলার উদ্বোধন করা হয়। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করেন।

মেলায় আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নিয়েছে। এর মধ্যে রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর ও নগর পরিকল্পনাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার স্টল রয়েছে।

মেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে তিনি মেলার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

এমআর/এএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর