রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান গভর্নরের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান গভর্নরের
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান নিয়ে মতবিনিময় করেন তারা।

বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে গভর্নর ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান।

একই সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ করতে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাক, ইলেকট্রনিক্স সামগ্রী ও ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন।

সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ও হেড অফ চ্যান্সারি ওয়াহিউ রিয়াদি, থার্ড সেক্রেটারি/ইকোনমিক অ্যাফেয়ার্স রবি ফিরলি হারখা এবং অফিসার সাপতো রুদিয়ান্তো উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর