বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাংলা কিউআর লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

বাংলা কিউআর লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যে কোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে। এ জন্য কোনো বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।

তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এর মাধ্যমে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরা যে কোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর হিসাবে সহজেই কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন।

মন্ত্রী বলেন, এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষকে কষ্ট করে নগদ টাকা বহন করতে হবে না। একই সঙ্গে লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।

প্রাথমিক পর্যায়ে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে জানিয়ে তিনি বলেন, এসব সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এই চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

এএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর