মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভ্যাট রিটার্নে আবার মাসিক নিয়ম, ব্যবসায়ীদের তিন মাসের সুবিধা বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

ভ্যাট রিটার্নে আবার মাসিক নিয়ম, ব্যবসায়ীদের তিন মাসের সুবিধা বাতিল
ছবি: সংগৃহীত

ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ভ্যাট রিটার্ন দাখিলে আবারও মাসিক নিয়ম চালু হচ্ছে। এতদিন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন দাখিলের যে সুযোগ ছিল, তা বাতিল করে আগের নিয়মে ফেরার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

ফলে প্রতিটি কর মেয়াদ শেষে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়ীদের ভ্যাট রিটার্ন দাখিল ও প্রযোজ্য কর পরিশোধ করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।

অর্থাৎ, ব্যবসায়ীদের প্রতি মাসের কর মেয়াদ শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্ন জমা দিতে হবে। একই সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক থাকলে তা পরিশোধ করতে হবে।

তবে রিটার্ন দাখিলের নির্ধারিত ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়ার সুযোগ থাকবে

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের লক্ষ্যে খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। অনুমোদনের পর সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

এর ফলে সাধারণ ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আবারও মাসিক ভিত্তিতে কার্যকর হবে।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর