মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রাম বন্দরে ট্রেইলার কর্মীকে মারধরের জেরে কন্টেইনার ডেলিভারি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ এএম

শেয়ার করুন:

চট্টগ্রাম বন্দরে ট্রেইলার কর্মীকে মারধরের জেরে কন্টেইনার ডেলিভারি বন্ধ

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী ট্রেইলারের এক কর্মীকে মারধরের পর থেকে কন্টেইনার সরবরাহ বন্ধ রেখেছে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেইটে এ ঘটনার আধা ঘণ্টা পরই কন্টেইনার সরবরাহ বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, একটি সমস্যার কারণে কন্টেইনার বহনকারী যানবাহন চলছে না। আমরা সমাধানের চেষ্টা করছি।

শ্রমিককে মারধরের ওই ঘটনা পরে হাতাহাতিতে গড়ায়। এতে আশিকুর রহমান নামে বন্দরের এক নিরাপত্তা কর্মী আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

শ্রমিকদের অভিযোগ, বন্দরের গেটে প্রবেশ পাস দেওয়াকে কেন্দ্র করে ট্রেইলার শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত এক নিরাপত্তা কর্মীর প্রথমে বাগবিতণ্ডা পরে হাতাহাতির ঘটনা ঘটে।

প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম খানের অভিযোগ, গেট পাসের ফি বেশি নেওয়ার প্রতিবাদ করায় বন্দরের নিরাপত্তা কর্মীরা সংগঠনের একজনকে মারধর করে। পরে পণ্য পরিবহন বন্ধ করে দেন শ্রমিকরা।

খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বন্দরের সচিব।

দেশের প্রধান এ সমুদ্র বন্দর দিয়ে প্রতিদিন অন্তত পাঁচ হাজার কন্টেইনার সরবরাহ করা হয়।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর