পরিবেশগত নিয়মকানুন পরিপালনে নিজস্ব বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু করেছে শেয়ারবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড। ইটিপি স্থাপনের জন্য মাটি খননের মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানিয়েছে এপেক্স ট্যানারি।
কোম্পানিটি জানিয়েছে, গত ২৬ সেপ্টেম্বর ইটিপি স্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে মাটি খননের কাজ শুরু করা হয়েছে। এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি নিজস্ব ইটিপি স্থাপনের সিদ্ধান্তের কথা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
ট্যানারি শিল্পের উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের তরল বর্জ্য তৈরি হয়। এসব বর্জ্য পরিশোধন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ইটিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এপেক্স ট্যানারির নিজস্ব ইটিপি স্থাপিত হলে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত ব্যবস্থাপনায় কোম্পানিটির সক্ষমতা আরও বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাটি খননের কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে ইটিপি প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ একটি ধাপ এগিয়ে গেল। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিবেশগত নিয়মকানুন পরিপালনের পাশাপাশি টেকসই উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোম্পানিটির উদ্যোগ আরও জোরদার হবে।
কোম্পানিটি আরও জানিয়েছে, ইটিপি প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম তাদের পরিবেশগত দায়বদ্ধতা এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার চলমান উদ্যোগের অংশ।
এম/এফএ




