শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নতুন ২ কার্গো পৌঁছাতেই একদিনে এলএনজি সরবরাহ বেড়েছে ২৫০ মিলিয়ন ঘনফুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

নতুন ২ কার্গো পৌঁছাতেই একদিনে এলএনজি সরবরাহ বেড়েছে ২৫০ মিলিয়ন ঘনফুট
প্রতীকী ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা

চরম গ্যাস সংকটের মধ্যে নতুন দুই কার্গো এলএনজি দেশে পৌঁছানোর পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বেড়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যেখানে এলএনজি থেকে রূপান্তরিত গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে প্রায় ৬৫০ মিলিয়ন ঘনফুটে নেমেছিল, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তা বেড়ে ৯১৮ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন দুটি এলএনজি কার্গোর একটি চট্টগ্রামের মহেশখালীর সামিট টার্মিনালে এবং অন্যটি এক্সিলারেট টার্মিনালে পৌঁছেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত দেশে মোট গ্যাস সরবরাহ ছিল দুই হাজার ৫২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস এক হাজার ৬০৭ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে রূপান্তরিত গ্যাস সরবরাহ ছিল ৯১৮ মিলিয়ন ঘনফুট।

নতুন দুই কার্গোর মধ্যে একটি ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে। টোটাল এনার্জিসের কাছ থেকে স্পট মার্কেটের মাধ্যমে কেনা এই কার্গো শুক্রবার চট্টগ্রামের মহেশখালীতে সামিট টার্মিনালে পৌঁছে।

পেট্রোবাংলার তথ্য বলছে, শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে সামিট টার্মিনালে এলএনজি ক্যারিয়ার ‘প্যাসিফিক সাকসেস’ এর সব লাইন ফাস্ট করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তর শুরু হয়।

অন্যদিকে, অস্ট্রেলিয়া থেকে আনা আরেকটি এলএনজি কার্গো স্পট মার্কেটের মাধ্যমে কিনেছে বাংলাদেশ। আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে কেনা এই কার্গো বহনকারী এলএনজি ক্যারিয়ার ‘ফেরোল নুটসেন’ শুক্রবার এক্সিলারেট টার্মিনালে পৌঁছায়।

শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে ওই কার্গো থেকে এলএনজি স্থানান্তর শুরু হয়।

এর আগে খারাপ আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটে। এতে বৃহস্পতিবার আরএলএনজি সরবরাহ কমে প্রায় ৬৫০ মিলিয়ন ঘনফুটে নেমে যায়। নতুন কার্গো পৌঁছানো এবং সরবরাহ স্বাভাবিক হওয়ায় একদিনের ব্যবধানে তা বেড়ে ৯১৮ মিলিয়ন ঘনফুট হয়েছে।

এদিকে দেশে গ্যাসের মোট সরবরাহের বড় অংশ এখনও আসছে দেশীয় উৎস থেকে। শুক্রবার দুপুর পর্যন্ত এক হাজার ৬০৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে। এর সঙ্গে এলএনজি আমদানি করে পুনর্গ্যাসীকরণের মাধ্যমে আরও ৯১৮ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়েছে।
ফলে শুক্রবার দেশে মোট গ্যাস সরবরাহ দাঁড়িয়েছে দুই হাজার ৫২৫ মিলিয়ন ঘনফুট।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর