বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কোরিয়ান মার্টের ৪৬ কোটি টাকার বিক্রয়ে ভ্যাট ফাঁকি ৩ কোটি ১৯ লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

কোরিয়ান মার্টের ৪৬ কোটি টাকার বিক্রয়ে ভ্যাট ফাঁকি ৩ কোটি ১৯ লাখ
ছবি: সংগৃহীত

অনলাইনভিত্তিক প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠান Korean Mart Bangladesh-এর বিরুদ্ধে প্রায় ৪৬ কোটি ৭৪ লাখ টাকার বিক্রয় তথ্য গোপন করে ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ পেয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পশ্চিম)। 

প্রতিষ্ঠানটির কম্পিউটার, ল্যাপটপ, কুরিয়ার সার্ভিস ও নিজস্ব সফটওয়্যার ব্যবস্থার তথ্য যাচাই করে এই অনিয়মের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পশ্চিম)-এর কমিশনারের নির্দেশনায় এবং পল্লবী বিভাগের কর্মকর্তার তত্ত্বাবধানে গত ২১ সেপ্টেম্বর Korean Mart Bangladesh-এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির ঠিকানা বাড়ি নম্বর ৩৪, রোড নম্বর ৩, ব্লক-ডি। এর ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) ০০৭৫৩৪৫১৪-০৪০১।

অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে মূসক-১২.১ প্রদর্শন করে নিবারক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিস, নিজস্ব সফটওয়্যার ব্যবস্থা এবং বিভিন্ন দলিলাদি পর্যালোচনা করা হয়।

এসব তথ্য পর্যালোচনায় ভ্যাট ফাঁকির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বলে জানিয়েছে এনবিআর। পরে অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩ ইস্যু করা হয়। এর মাধ্যমে ল্যাপটপ, কম্পিউটারসহ অন্যান্য প্রয়োজনীয় দলিলাদির তথ্য পেনড্রাইভে সংরক্ষণ করে জব্দ করা হয়।

জব্দ করা তথ্য ও দলিলাদি যাচাই করে প্রতিষ্ঠানটির নিয়মবহির্ভূত মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার বিক্রয় তথ্য পাওয়া যায়। এসব বিক্রয়ের বিপরীতে ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা মূসক পরিশোধ করা হয়নি বলে জানিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ।

এ ঘটনায় Korean Mart Bangladesh-এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর