শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিজিএমইএ কাপের ট্রফি উন্মোচন, উত্তরা মাঠ বরাদ্দের আশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

বিজিএমইএ কাপের ট্রফি উন্মোচন, উত্তরা মাঠ বরাদ্দের আশ্বাস
বিজিএমইএ কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অতিথিবৃন্দ

পোশাক শিল্পের উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত ‘বিজিএমইএ কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। একই অনুষ্ঠানে পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অংশীদারিত্ব উদযাপন এবং ১৬ দলের মেগা অকশনও অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিমসহ বিজিএমইএ ও বাফুফের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিজিএমইএ ও বাফুফের সহযোগিতামূলক অংশীদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নারী পোশাককর্মীদের নিয়ে নির্মিত একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে পোশাককর্মীদের কর্মদক্ষতার পাশাপাশি ফুটবলে তাদের অংশগ্রহণ তুলে ধরা হয়।

বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান বলেন, পোশাক শিল্পের দ্বিতীয় প্রজন্মের অনেকেই নতুনভাবে এ শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন। এ ধরনের টুর্নামেন্ট তাদের সঙ্গে শিল্পের বন্ধন আরও সুদৃঢ় করবে। ঢাকার পরিত্যক্ত মাঠগুলোর একটি বিজিএমইএকে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাঠ পেলে করপোরেট স্পন্সরদের সহায়তায় বিজিএমইএ নিজস্ব ব্যবস্থাপনায় সেটির আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ করবে।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম বলেন, বিজিএমইএ একটি সুসংগঠিত পরিবার। যৌথভাবে তারা বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বাণিজ্য সংগঠন হলেও বিজিএমইএ বিভিন্ন সামাজিক ও জাতীয় কার্যক্রমে ভূমিকা রাখছে। ঢাকার মধ্যে উপযুক্ত মাঠ পেলে বিজিএমইএ নিজস্ব ব্যবস্থাপনায় সেটির উন্নয়ন ও দেখভাল করবে। বিজিএমইএ ইউনিভার্সিটির কারিকুলামে স্পোর্টস যুক্ত করার কাজ চলছে বলেও জানান তিনি। একই সঙ্গে বিকেএসপির কারিকুলামেও শিগগিরই এটি যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, গত ৫৬ বছরে ক্রীড়াঙ্গনকে যেভাবে পেশাদারিত্বের সঙ্গে গড়ে তোলা প্রয়োজন ছিল, তা হয়নি। তবে বর্তমান সরকারের প্রচেষ্টায় ক্রীড়াঙ্গনে রূপান্তরের কাজ শুরু হয়েছে। খেলোয়াড়দের জন্য ‘ক্রীড়া ভাতা’ চালুর পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিএমইএর মাঠ বরাদ্দের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকার উত্তরা তৃতীয় ফেজ এলাকায় একটি মাঠ বরাদ্দের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানের একপর্যায়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিজিএমইএ সভাপতির হাতে বিশেষ জার্সি তুলে দেন। পরে ১৬ দলের মেগা অকশন অনুষ্ঠিত হয়।

আগামী ২২ অক্টোবর ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর মূল প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর