ইতালির মিলানে ইউরোপের অন্যতম বৃহৎ গার্মেন্টস, টেক্সটাইল ও ফ্যাশন সোর্সিং মেলা ‘রেডি টু শো’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান।
মেলায় দেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের প্রদর্শনীর পাশাপাশি ইউরোপের আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার শুরু হওয়া ‘রেডি টু শো’ মেলা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইতালির মিলানে চলবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, রোম ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের ব্যবস্থাপনায় মেলায় বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
‘রেডি টু শো’ মূলত একটি বিজনেস-টু-বিজনেস (বিটুবি) আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী। এতে তৈরি পোশাক, টেক্সটাইল, ফ্যাব্রিক, চামড়াজাত পণ্য, প্রযুক্তি, ফ্যাশন ব্র্যান্ড, খুচরা বিক্রেতা, ডিজাইনার ও আন্তর্জাতিক ক্রেতারা অংশ নেন।
মেলায় বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ, ভ্যালু-অ্যাডেড তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের প্রচার এবং চামড়াজাত পণ্যের নতুন বাজার তৈরির সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
একই সঙ্গে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করা এবং বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেও এ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মেলায় অংশ নেওয়া বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো হলো রাইনো এপারেলস, ফোকাস এপারেলস বিডি, মাসকম কম্পোজিট লিমিটেড, নাইস কম্পোজিট টেক্সটাইল, ইকো হিলিং এক্সেসরিজ, আহাভা কম্পোজিট লিমিটেড, স্পার্টান ফ্যাশন লিমিটেড, ঐলি ফ্যাশন লিমিটেড, মেসার্স হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন লিমিটেড, নিটেক্সপো ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক জোন, চিটাগং ফোর ব্রাদার্স এপারেলস এবং সিম ফেব্রিকস লিমিটেড।
এমআর/এএম




