শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

দেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

বাংলাদেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন সম্ভাবনার দ্বার খুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রোগ্রাম্যাটিক অ্যাড-বাইং প্ল্যাটফর্ম অ্যাডজোইক (AdZoic)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে একীভূত করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম আম্ব্রেলাএক্স (Umbrellax)-এর সমন্বিত ইকোসিস্টেমও উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী বলেন, প্রথাগত পদ্ধতিতে অনুমাননির্ভর বিজ্ঞাপন পরিচালনার কারণে উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর অর্থ ও সময় অপচয় হয়। ডিএসেলসের (DSales) ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের ভিত্তিতে তৈরি অ্যাডজোইক সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমে কম খরচে কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে পৌঁছাতে ব্র্যান্ডগুলোকে সহায়তা করবে।

প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত কৌশল ও কার্যক্রম তুলে ধরে চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ বলেন, অ্যাডজোইক সাধারণ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন ব্যবস্থাপনা টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি)। কোনো তৃতীয় পক্ষের কুকির ওপর নির্ভর না করে প্ল্যাটফর্মটি ১০ মিলিসেকেন্ডের কম সময়ে বিজ্ঞাপন প্রদর্শনের সিদ্ধান্ত নিতে পারে। পাশাপাশি ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বনিম্ন খরচে উপযুক্ত বিজ্ঞাপন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে এটি।

অনুষ্ঠানে অ্যাডজোইকের আনুষ্ঠানিক কাউন্টডাউন ও উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী, ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান এবং চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ।

অনুষ্ঠানের শেষাংশে ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান বিজ্ঞাপনী সংস্থা, প্রকাশক ও ব্র্যান্ডগুলোকে এআইনির্ভর নতুন এই ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

প্রযুক্তি প্রতিষ্ঠান ডিএসেলসের (DSales) ছাতার নিচে গড়ে ওঠা অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্স যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি সমন্বিত স্মার্ট ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির দাবি, এই সমন্বিত ব্যবস্থা এশিয়ার ডিজিটাল ব্যবসা ও বিপণন ব্যবস্থায় নতুন পরিবর্তন আনতে সক্ষম হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর