রাজধানীর বাজারে সোনালি মুরগির দাম বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম। ফলে ডিম ও মুরগি কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ব্রয়লার মুরগির দাম বর্তমানে প্রতি কেজি ১৮০ টাকা। বিক্রেতাদের মতে, গত সপ্তাহেও ব্রয়লার মুরগি একই দামে বিক্রি হয়েছে। ফলে এ মুরগির দামে আপাতত কোনো পরিবর্তন হয়নি।
আরও পড়ুন: সবজির দাম কমলেও মাছের বাজারে স্বস্তি নেই
তবে বেড়েছে সোনালি ও পাকিস্তানি মুরগির দাম। এক থেকে দুই সপ্তাহ আগেও এসব মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে দাম বেড়ে ৩২০ টাকা হয়েছে।
মুরগি বিক্রেতা কাওসার আহমেদ বলেন, ‘ব্রয়লার মুরগির দাম বেশ কিছুদিন ধরে ১৮০ টাকার আশপাশেই আছে। তবে সোনালি ও পাকিস্তানি মুরগির দাম বেড়েছে। আগে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি করলেও এখন ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’
বাজার করতে আসা আব্দুর রহমান বলেন, ‘ডিমের দাম আবারও বাড়ছে। কয়েক দিন আগেও ১৩৫ টাকা দিয়ে এক ডজন ডিম পাওয়া গেছে, এখন ১৪৫ টাকা লাগছে। মুরগির মধ্যেও সোনালির দাম বেড়েছে। সংসারের বাজার খরচ এভাবে বাড়তে থাকলে চাপ আরও বাড়বে।’
আরেক ক্রেতা বলেন, ‘ব্রয়লার মুরগির দাম একই থাকায় কিছুটা স্বস্তি আছে। কিন্তু ডিম ও সোনালি মুরগির দাম বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় খাবারের দাম বাড়লে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।’
বিক্রেতারা বলছেন, সরবরাহ ও পাইকারি বাজারের দামের ওপর নির্ভর করেই ডিম ও মুরগির খুচরা দাম নির্ধারিত হচ্ছে। সামনে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম কিছুটা কমতে পারে বলেও আশা করছেন তারা।
এমআর/এমআই




