বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্থাটির পরিচালক (পিএসসি) পদে কর্মরত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শোয়েব।
বৃহস্পতিবার (৭ আগস্ট) পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহানা বেগমের সই করা আদেশে বলা হয়, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অথবা পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) পদে নতুন কোনো কর্মকর্তা নিয়মিতভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রকৌশলী মো. শোয়েব নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে এ পদ সামলাবেন।
অফিস আদেশে বলা হয়, এ অতিরিক্ত দায়িত্ব প্রদান একটি সাময়িক ব্যবস্থা। এরফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতায় কোনো পরিবর্তন হবে না। একই সঙ্গে পরবর্তী নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে এ দায়িত্ব পালনের কারণে কারও কোনো অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন হবে না।
পরবর্তীতে পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) পদে কোনো কর্মকর্তা পূর্ণাঙ্গভাবে নিয়োগ, বদলি বা পদোন্নতির মাধ্যমে দায়িত্ব গ্রহণ করলে প্রকৌশলী মো. শোয়েব তার নিজ পদ পরিচালক (পিএসসি) হিসেবে ফিরে যাবেন।
এমআর/এএম




