দেশের নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের জন্য ইন্স্যুরেন্স সুরক্ষা ও স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় বিকেএমইএর সদস্য কারখানার কর্মীরা বছরে ২৫০ টাকা প্রিমিয়াম দিয়ে গার্ডিয়ানের সমন্বিত ইন্স্যুরেন্স সুবিধা পাবেন। এর মধ্যে থাকবে জীবনবিমা সুরক্ষার পাশাপাশি ২৪ ঘণ্টার টেলিমেডিসিন সেবা এবং দেশের ৫০০–এর বেশি হাসপাতালে ছাড়ে চিকিৎসাসেবা। এসব সুবিধা কর্মী ও কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও নিতে পারবেন।
বর্তমানে বিকেএমইএর ২ হাজার ৫০০–এর বেশি সদস্য কারখানা রয়েছে। ফলে এই উদ্যোগের মাধ্যমে নিটওয়্যার খাতের বিপুলসংখ্যক কর্মীর কাছে ইন্স্যুরেন্স সেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বেসরকারি খাতের এমন উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে সরকারের সহযোগিতায় দেশের সব শ্রমিকের জন্য চিকিৎসা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার সুযোগ রয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, নিটওয়্যার ও তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের শ্রমিকদের জীবন, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা টেকসই ও প্রতিযোগিতামূলক শিল্প গড়ে তোলার পূর্বশর্ত।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদেরও ইন্স্যুরেন্সের আওতায় আনা গেলে দেশে শ্রমিক কল্যাণে একটি কার্যকর মডেল গড়ে তোলা সম্ভব হবে।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কো-ফাউন্ডার তপন চৌধুরী বলেন, স্বল্প প্রিমিয়ামে শ্রমিকদের জন্য এই সেবা তাঁদের আর্থিক ও স্বাস্থ্যগত নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে।
প্রতিষ্ঠানটির স্পন্সর পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, কর্মপরিবেশ উন্নত হলে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়ে। তাই মানবসম্পদ উন্নয়নে এ ধরনের উদ্যোগ দেশের সামগ্রিক অগ্রগতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের কল্যাণে কার্যকর উদ্যোগে বিকেএমইএ সব সময় সহযোগিতা করবে।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে নিটওয়্যার খাতের কর্মীদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে। তার ভাষায়, ইন্স্যুরেন্স শুধু একটি আর্থিক পণ্য নয়, বরং মানুষের কঠিন সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি।
অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গুঞ্জন বাহাদুর, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিকেএমইএ ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআরএম




