শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

আংশিক চালু মহেশখালী এলএনজি টার্মিনাল, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

আংশিক চালু মহেশখালী এলএনজি টার্মিনাল, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
মহেশখালী এলএনজি টার্মিনাল। ছবি- সংগৃহীত

কারিগরি ত্রুটি মেরামত হওয়ায় প্রায় দুই সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আংশিক চালু হয়েছে। টার্মিনালে দুটি বয়লারের মধ্যে একটি গতকাল রাত থেকে চালু হয়। এর মাধ্যমে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের এফএসআরইউতে একটি দুর্ঘটনা ঘটেছিল। দেশি ও বিদেশি প্রকৌশলীরা তা মেরামতে অক্লান্ত পরিশ্রম করছেন। ফলে রাত থেকেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

কেজিডিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক জানান, টার্মিনালে দুটি বয়লারের মধ্যে একটি রাত থেকে চালু হয়েছে। এতে বন্ধ থাকা ৪৫০ এমএমসিএফটি (মিলিয়ন ঘনফুট) গ্যাসের জোগান একলাফে না বাড়লেও ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, আমরা পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। আনোয়ারা থেকে গ্যাস গ্রহণ করে বর্তমানে প্রায় ২০০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এই সরবরাহ ২৬০ থেকে ২৭০ এমএমসিএফটির মধ্যে থাকে।

গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর থেকে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল। পরে জাতীয় গ্রিড থেকে সরবরাহ আরও কমিয়ে দেওয়ায় সংকট চরম রূপ নেয়।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর