মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

বিএসইসির নতুন কমিশনকে ডিবিএ’র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

DBA
সংগঠনটির লোগো।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এ সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান মাসুদ খান ও তার নেতৃত্বাধীন কমিশনকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিবিএ জানায়, বাজারে দীর্ঘদিনের অচলাবস্থা দূর করতে গত ৪ মে বিএসইসির কাছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। 


বিজ্ঞাপন


ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়, দীর্ঘদিন ফ্লোর প্রাইস বহাল থাকায় স্বাভাবিক লেনদেন ব্যাহত হচ্ছিল এবং বাজারে প্রকৃত মূল্য নির্ধারণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছিল। পাশাপাশি মার্জিন ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের ঝুঁকি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাজার সম্পর্কে নেতিবাচক বার্তা যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

ডিবিএর মতে, বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন কমিশনের এ সিদ্ধান্ত শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন পুনরুদ্ধার, স্থবিরতা দূর এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করবে।

সংগঠনটি আশা প্রকাশ করে, নতুন চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে বিএসইসি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশের পথে বাধা হয়ে থাকা বিভিন্ন বিধি-বিধানের সংস্কার করবে এবং একটি আধুনিক, স্বচ্ছ ও আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবে। ডিবিএ আরও জানায়, পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।


বিজ্ঞাপন


এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর