বাংলাদেশের তৈরি পোশাক ও নিটওয়্যার খাতের বাণিজ্য সম্প্রসারণে নিউজিল্যান্ডের সঙ্গে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বৈঠক করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রাজধানীর বিকেএমইএ ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন। তিনি বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কার জন্য নিউজিল্যান্ডের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
বিকেএমইএর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি ও সিআইপি অমল পোদ্দার, পরিচালক ও সিআইপি এম. ইশফাক আহসানসহ বিকেএমইএ সচিবালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।
বৈঠকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিশেষ করে তৈরি পোশাক ও নিটওয়্যার খাতে নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। নিউজিল্যান্ডের বাজারে বাংলাদেশের নিটওয়্যার পণ্যের অবস্থান আরও শক্তিশালী করতে কার্যকর বাজার কৌশল এবং বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়েও মতবিনিময় করা হয়।
বিকেএমইএ নেতারা দুই দেশের ক্রেতা ও সরবরাহকারীদের মধ্যে সহযোগিতা বাড়াতে ট্রেড এক্সপো, সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স এবং বিভিন্ন নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম চালুর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ফ্যাশন প্রযুক্তি, উদ্ভাবন এবং বহুমুখী পণ্য উন্নয়নের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
এছাড়া বৈঠকে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নিউজিল্যান্ডের অর্থায়নে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এসব উদ্যোগ ফ্যাশন প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং পণ্যের বহুমুখীকরণে দক্ষতা বাড়াতে সহায়ক হবে বলে মত দেন সংশ্লিষ্টরা।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশ-নিউজিল্যান্ডের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
এমআর/এআরএম




