বিদেশি বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারে লেনদেন ও বিনিয়োগের অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। শেয়ার বা সিকিউরিটিজ বিক্রির অর্থ এখন থেকে সরাসরি নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্টে (নিটা) জমা করা যাবে। এ ক্ষেত্রে অডিটরের সনদ জমা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (এফইআইডি) বুধবার (২০ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতদিন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির অর্থ নিটা অ্যাকাউন্টে জমা করার আগে মূলধনি মুনাফার ওপর প্রযোজ্য কর নির্ধারণে অডিটরের সনদ জমা দিতে হতো। এই প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় অর্থ প্রত্যাবাসনেও বিলম্ব হতো।
বিজ্ঞাপন
নতুন নির্দেশনায় বলা হয়েছে, শেয়ার বা সিকিউরিটিজ বিক্রির অর্থ সরাসরি সংশ্লিষ্ট নিটা অ্যাকাউন্টে জমা করা যাবে। তবে বিদেশে অর্থ পাঠানোর আগে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রযোজ্য মূলধনি মুনাফা কর কেটে সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে বিদেশি বিনিয়োগকারীদের প্রশাসনিক জটিলতা কমবে এবং বিনিয়োগ কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। একই সঙ্গে সময় সাশ্রয় হবে এবং পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে আগের অন্যান্য নির্দেশনা বহাল থাকবে এবং নতুন নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বিজ্ঞাপন
টিএই/এএস




