শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

ডিমের দাম ডজনে বেড়েছে ১০ টাকা, মুরগি ও মাংসের দাম স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

Egg-Meat

রাজধানীর বাজারে ডিমের দাম আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। সপ্তাহ ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে প্রায় ১০ টাকা। তবে মুরগির বাজারে দেখা গেছে মিশ্র চিত্র। কোথাও দাম স্থিতিশীল থাকলেও কিছু জাতের মুরগির দাম বেড়েছে। অন্যদিকে গরু ও খাসির মাংসের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখতে পাওয়া যায়।


বিজ্ঞাপন


বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহ ব্যবধানে ডিমের দামে নতুন করে তৈরি হয়েছে অস্থিরতা। পাইকারি ও খুচরা বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বর্তমানে লাল ডিম ডজনে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ১০ টাকা বেশি। একইভাবে সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

ডিম বিক্রেতা সোলেয়মান বলেন, বাজারে ডিমের সরবরাহ কমে গেছে। পাইকারি বাজারেই দাম বেশি। আমরা বাধ্য হয়ে সেই দামে খুচরায় বিক্রি করছি।

মুরগির বাজারে অবশ্য পরিস্থিতি একরকম নয়। ব্রয়লার মুরগির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকার মধ্যে। তবে অন্যান্য জাতের মুরগির দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বাজারে দেশি মুরগির দাম কেজিপ্রতি প্রায় ৪০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়। লেয়ার মুরগির দামও কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৭০ টাকায়। অন্যদিকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়, যা তুলনামূলকভাবে স্থিতিশীল।


বিজ্ঞাপন


ব্যবসায়ীরা বলছেন, খাদ্য উপকরণের দাম ও সরবরাহ পরিস্থিতির কারণে বিভিন্ন জাতের মুরগির দামে ভিন্নতা দেখা দিচ্ছে।

অন্যদিকে গরু ও খাসির মাংসের বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের দামও স্থিতিশীল থেকে কেজিপ্রতি ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর বাজারে ডিমের দামে চাপ বাড়লেও মুরগি ও মাংসের বাজারে এখনো বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি। তবে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ও খরচ পরিস্থিতির ওপর ভিত্তি করে আগামী দিনগুলোতে বাজারে আরো পরিবর্তন আসতে পারে।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর