দেশের অর্থনীতিতে পর্যটন খাতের অবদান বাড়াতে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বর্তমানে প্রায় ৩ শতাংশ থাকা এই অবদানকে ৬–৭ শতাংশে উন্নীত করতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ লক্ষ্য ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিমান মন্ত্রী বলেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এটিকে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে কাজ চলছে। এ লক্ষ্যে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে।
তিনি জানান, দেশে প্রায় ১ হাজার ৭৪২টি পর্যটন স্পট রয়েছে, যা দেশের প্রতিটি জেলাজুড়ে বিস্তৃত। এসব স্পটকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে স্থানীয় অর্থনীতি যেমন চাঙা হবে, তেমনি কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
মন্ত্রী আরো বলেন, মাঠ পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা ও উদ্যোগের মাধ্যমেই পর্যটন খাতকে এগিয়ে নেওয়া সম্ভব।
বিজ্ঞাপন
এ সময় মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি ও তেওতা জমিদার বাড়িকে পর্যটন আকর্ষণ হিসেবে উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ ছাড়া সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/এফএ




