মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সঙ্গে সমন্বয়ের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

DCCI

দেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সঙ্গে আরো নিবিড় সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ বিষয়ে সরকারের সঙ্গে ধারাবাহিক সংলাপ ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা চেম্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


গত ৬ এপ্রিল বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব বিষয় তুলে ধরেন।

সাক্ষাৎকালে তাসকীন আহমেদ বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে সময়োপযোগী বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তবে জনগণের জীবন-জীবিকা, কর্মসংস্থান, শিল্পকারখানার উৎপাদন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে বেসরকারি খাতের সঙ্গে আরো ঘনিষ্ঠ আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, এ প্রক্রিয়া সফল করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে এলডিসি উত্তরণ-পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সুপারিশ বাস্তবায়নে আরও সক্রিয় উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।

তিনি আরো বলেন, করোনা মহামারির পর থেকে চলমান বৈশ্বিক সংকটের প্রভাবে দেশের সিএমএসএমই খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ এ খাত দেশের মোট জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখার পাশাপাশি শিল্পখাতে প্রায় ৮০ শতাংশ কর্মসংস্থান সৃষ্টি করে আসছে। তাই সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য স্বল্পসুদে ঋণ সুবিধা চালু, ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ, প্রণোদনা এবং কর অব্যাহতির মতো সহায়তা আরো জোরদারের আহ্বান জানাই।


বিজ্ঞাপন


এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং শিল্পকারখানার কার্যক্রম আরও গতিশীল করতে বেসরকারি খাতের সঙ্গে সংলাপের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও ভবিষ্যৎ অর্থনৈতিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

সাক্ষাৎকালে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং মহাসচিব (ভারপ্রাপ্ত) ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী উপস্থিত ছিলেন।


এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর