মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

এলএনজি, কয়লা ও জ্বালানির মূল্য নিয়ে ১৩ দফা দাবি ক্যাবের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

এলএনজি, কয়লা ও জ্বালানির মূল্য নিয়ে ১৩ দফা দাবি ক্যাবের

এলএনজি আমদানি, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানির মূল্য কাঠামো পুনর্বিন্যাসসহ ১৩ দফা দাবি তুলে ধরেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব সংসদ। সংগঠনটি বলেছে, জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও ভোক্তা-স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর সিরডাপের এ টি এম শামসুল হক মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব দাবি তুলে ধরা হয়।


বিজ্ঞাপন


ক্যাবের ১৩ দফা দাবি হলো—

* বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি খাতকে বাণিজ্যিক খাত থেকে পুনরায় সেবাখাত হিসেবে প্রতিষ্ঠা এবং মুনাফামুক্ত সরকারি সেবা নিশ্চিত করে ‘কস্ট প্লাস’ নয়, ব্যয়ভিত্তিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

* জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বাড়িয়ে আগামী পাঁচ বছরে জীবাশ্ম জ্বালানি আমদানি কমপক্ষে ৫ শতাংশ কমানো।

* সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে পাঁচ বছরে গড়ে ১৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং ছোট শিল্পে অগ্রাধিকার দেওয়া।


বিজ্ঞাপন


* এলএনজি আমদানি বৃদ্ধি পাঁচ বছরের জন্য স্থগিত করা এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ বন্ধ করা; বাপেক্সসহ দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করা।

* ছাতক (পূর্ব) ও ভোলা-দক্ষিণাঞ্চলের অব্যবহৃত গ্যাস মজুত ব্যবহারে কর্মপরিকল্পনা প্রণয়ন।

* আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিল করা।

* স্পিডি অ্যাক্ট সংশ্লিষ্ট ধারাগুলো বাতিল, চুক্তি পুনর্মূল্যায়ন এবং ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা; ক্ষতির দায় সংশ্লিষ্টদের থেকে আদায়।

* জ্বালানি খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের ‘জ্বালানি অপরাধী’ হিসেবে বিচারের আওতায় আনা।

* বিদ্যুৎ ও জ্বালানির মূল্যহার কমাতে ব্যয় ও মুনাফা কাঠামো পুনর্বিন্যাস এবং এলপিজি বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করা।

* সরকারি মালিকানায় এলপিজি টার্মিনাল ও রিফাইনারি স্থাপন এবং অন্তত ৫০ শতাংশ আমদানি ও সংরক্ষণ সক্ষমতা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা।

* বিইআরসির জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রস্তাবিত আইন সংশোধন বাস্তবায়ন।

* ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি-২০২৪ অনুযায়ী গণবান্ধব জ্বালানি রূপান্তর নিশ্চিত করা।

* আন্তর্জাতিক জীবাশ্ম জ্বালানি সুরক্ষা চুক্তি স্বাক্ষর থেকে বিরত থাকা।

গোলটেবিলে ক্যাব নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়ন করা হলে জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা পাবে এবং ভোক্তারা সরাসরি উপকৃত হবেন।


এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর