শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদের পর স্থিতিশীল কাঁচাবাজার, জ্বালানি সংকটের প্রভাব পড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১০:২৪ এএম

শেয়ার করুন:

bazar
বাজারে বেড়েছে সবজির সরবরাহ। ছবি: ঢাকা মেইল

পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে এক সপ্তাহ আগে। ইতোমধ্যে ছুটি কাটিয়ে নগরীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। ঈদের পরের শুক্রবারে বাজারে মাছ-মাংস, সবজিসহ প্রায় সব পণ্যের সরবরাহ বেড়েছে। দামও অনেকটা স্থিতিশীল। তবে জ্বালানি সংকটের কারণে পণ্য বাজার পর্যন্ত আনতে খরচ বেড়ে যাচ্ছে। ট্রাকগুলো ঘণ্টার পর ঘণ্টা পাম্পে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করায় পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে। এতে তারা বেশি ভাড়া নিচ্ছে। আর এর প্রভাবে কাঁচাবাজারে দাম বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তারা সরকারকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে রাজধানীর ঝিগাতলা কাঁচাবাজার, মোহাম্মদপুরের টাউন হল বাজার, কৃষি মার্কেট, সেগুনবাগিচাসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে চিত্র পাওয়া গেছে।


বিজ্ঞাপন


বাজার ঘুরে দেখা যায়, বসন্তের শেষের দিকে বাজারে নতুন নতুন মৌসুমি সবজি ওঠেছে। কৃষকের হাত পেরিয়ে নগরে মিলছে তাজা সতেজ ঢেঁড়স, শিম, পেঁপে, পটল, বেগুন, করলা, মরিচ, শসা, বরবটি, চিচিঙ্গা, টমেটো, কপিসহ নানা ধরনের সবজি। এর মধ্যে ঢেঁড়স, শিম, পেঁপে, পটল ৮০-১০০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, করলা ৭০-৮০ টাকা, মরিচ, শশা, বরবটি চিচিঙ্গা ৮০-৯০ টাকা, টমেটো ৩০-৪০ টাকা দামে পাওয়া যাচ্ছে।

‎এসব সবজি ঈদের আগের দামে কিনতে পারছেন বলে জানালেন ক্রেতারা। তবে কিছু সবজিতে দাম বাড়িয়ে রাখার অভিযোগ করেছেন কেউ কেউ। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেল সংগ্রহে অতিরিক্ত সময় লাগায় কিছুটা দেরিতে আসছে পণ্যবাহী যানবাহন। এতে খরচ ব্যয় বেড়েছে ব্যবসায়ীদের।

আরও পড়ুন

আরও প্রকট জ্বালানি সংকট, সমাধান কোন পথে?

‎ঝিগাতলা কাঁচাবাজারে কথা হয় রহমান বিন দিদারের সঙ্গে। তিনি বলেন, ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় এসেছি। প্রতি সপ্তাহের বাজার করতে এসে মোটামুটি মাছ, মাংসের পাশাপাশি সবজি কিনতে এলাম। ঈদের আগের দামে অনেক সবজি পাওয়া যাচ্ছে। তবে, কয়েকটা সবজির দাম একটু বেশি। অনেক ব্যবসায়ী বলছেন, জ্বালানি তেল আনতে গিয়ে তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় অনেক সময় লেগে যাচ্ছে। যার ফলে পণ্যের ব্যয় বেড়েছে। তাই আমাদের থেকে কয়েকটা সবজির দাম বেশি রাখছে। এমনি মোটামুটি সব সবজির দাম আগের মতোই আছে। তবে, ঈদের পর এটি প্রথম শুক্রবারের বাজার হওয়ায় এখনো তেমন ক্রেতা আসেনি। হয়ত ভিড় বাড়লে ব্যবসায়ীরা জ্বালানি তেলের দোহাই দিয়ে পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। সেদিক সরকারকে খেয়াল রাখতে হবে।


বিজ্ঞাপন


Bazar2

‎টাউন হল কাঁচাবাজারের ক্রেতা তৌসিফ রাজু বলেন, প্রতি সপ্তাহে আমার বাজার করতে হয়। ঈদের আগের দিন বাজার করে নিয়ে গিয়েছিলাম। আজকে আবার এক সপ্তাহ পর এলাম। তবে, মাছ, মাংস সবজির বাজার মনে হচ্ছে ঈদের আগের দিনের দামের চেয়ে একটু কম। কারণ, তখন বাজারে অনেক চাপ ছিল। সবাই ঈদের বাজার করতে এসেছিল। এখনো মনে হচ্ছে বাজারে কম দামে সবজি পাওয়া যাচ্ছে। সামনে জ্বালানি তেলের ওপর হয়ত ব্যবসায়ীরা পণ্য পরিবহন খরচ বাড়িয়ে দিয়ে দামের হেরফের করতে পারে। সেটা সরকারকে শক্ত হাতে দমন করতে হবে। তাহলে বাজার অস্থির হবে না।

আরও পড়ুন

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, তবুও কেন সংকট?

‎ঝিগাতলা বাজারে ব্যবসায়ী আব্দুস সবুর বলেন, ঈদের পর প্রথম সাপ্তাহিক শুক্রবারের বাজার আজকে। বাজারে তেমন ক্রেতা নেই। কিন্তু পর্যাপ্ত পরিমাণ সবজি আছে। পাইকারি বাজারে সবজি কিনতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে।

পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলেন, জ্বালানি তেল পেতে দেরি হওয়ায় সময় লাগে। জ্বালানি সংকটের কারণে কিছু সবজির দাম বাড়িয়ে রাখা হচ্ছে। এখনো বাজারে সব ধরনের সবজি মিলছে, দামও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।

‎টাউন হল বাজারের ব্যবসায়ী সদর উদ্দিন বলেন, পাইকারি বাজার থেকে আমাদের কাঁচামাল আনতে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এক একটি কাঁচামালের ট্রাক আসতে অনেক সময় লেগে যাচ্ছে। ট্রাক এলেও পণ্য নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। কেউ পণ্য পায়, কেউ অপেক্ষা করতে হয়। সব পণ্যবাহী ট্রাক এসে বলে ঘণ্টার পর ঘণ্টা তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে। যার ফলে পাইকারি বাজারে মালামাল আনতে অনেক সময় লেগে যাচ্ছে। সময় মতো বাজারে মালামাল আনা গেলে কোনো মালামাল নষ্ট না হয়। এতে কোনো পণ্যের দাম বাড়বে না। না হয় পাইকারি বাজারে দাম বাড়িয়ে দিলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হবে।

‎একেএস/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর