ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপের মধ্যেই দেশে ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটিতে রয়েছে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল। চীনের প্রতিষ্ঠান ইউনিপেক এই জ্বালানি সরবরাহ করেছে।
বৃহস্পতিবার সকালে ‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজটি বন্দরে ভিড়ে।
বিজ্ঞাপন
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান গণমাধ্যমকে জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জাহাজটি আজ সকালে দেশে পৌঁছেছে। বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: তেল নিয়ে তালগোল, মুখোমুখি বিপিসি-ডিলার
বিপিসি সাধারণত সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জ্বালানি তেল আমদানি করে। দেশে বছরে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে।
মোট চাহিদার প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল আকারে আমদানি করে দেশে পরিশোধন করা হয় এবং বাকি ৮০ শতাংশ পরিশোধিত অবস্থায় আমদানি করা হয়। ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ আটটি দেশ থেকে এসব জ্বালানি তেল সংগ্রহ করা হয়।

