বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব দিলো নগদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব দিলো নগদ
রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ পোস্ট অফিসকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা প্রদান করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। ছবি: সংগৃহীত

রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ পোস্ট অফিসকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা প্রদান করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে অর্জিত রাজস্ব থেকে এই অর্থ পরিশোধ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁও ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের কাছে চেক হস্তান্তর করেন নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ।


বিজ্ঞাপন


চেক হস্তান্তর অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ, নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত সহযোগী প্রশাসক মো. নাহিম উদ্দিন, নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, সেবা পরিচালনার জন্য প্রযুক্তিসহ প্রয়োজনীয় সব বিনিয়োগ করছে নগদ লিমিটেড। এক্ষেত্রে ডাক বিভাগের কোনো আর্থিক বিনিয়োগ নেই। তবে সেবা থেকে প্রাপ্ত মোট রাজস্বের ৫১ শতাংশ পাচ্ছে ডাক বিভাগ এবং বাকি ৪৯ শতাংশ পাচ্ছে নগদ লিমিটেড।

এতে আরও জানানো হয়, সেবা চালুর পর থেকে বিভিন্ন সময়ে ডাক বিভাগকে মোট ১৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৬০ টাকা রাজস্ব অংশ দিয়েছে নগদ। এর মধ্যে ২০২৪ সালের মে মাসে ৫ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৫৮ টাকা, ২০২২ সালে ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ৬৪৭ টাকা এবং ২০২০ সালে ১ কোটি ১২ লাখ টাকা প্রদান করা হয়।


বিজ্ঞাপন


চেক হস্তান্তরের পর ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম নগদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, নগদ বাজারে প্রতিযোগিতা বাড়াতে সক্ষম হয়েছে, যা ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের আরও উৎসাহিত করছে। এর ফলে খাতটিতে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি নতুন উদ্ভাবন ও প্রতিযোগিতার মাধ্যমে গ্রাহক স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি সরকারের রাজস্ব আয়েও প্রতিষ্ঠানটি নিয়মিত অবদান রাখছে। 

এমআর/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর