দেশে চলতি মার্চ মাসের ২৩ দিনেই প্রায় ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলারের (২৮২ কোটি ৮০ লাখ) রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা।
মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, মার্চ মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২ দশমিক ৮২৩ বিলিয়ন (২৮২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় ১৯ কোটি ৫০ লাখ ডলার বা ২৩৭৯ কোটি টাকা বেশি এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি টাকা। আগের বছরের একই মাসের তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ডলার।
এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৬৫৮ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৬৬ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫৩৬ কোটি ডলার।
টিএই/ক.ম

