রফতানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
মঙ্গলবার (৩ মার্চ) সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এক প্রতিক্রিয়ায় বলেন, শিল্পের এই সংকটময় সময়ে সরকারের জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ অত্যন্ত সহায়ক হয়েছে। তিনি সরকারের শীর্ষ পর্যায়, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংক–এর গভর্নরের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক কারখানাগুলোর ওপর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, বোনাস এবং বিদ্যুৎ-গ্যাস বিল পরিশোধের চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এ অর্থ বরাদ্দ শিল্প মালিকদের জন্য স্বস্তি বয়ে আনবে।
বিজিএমইএ জানায়, আটকে থাকা নগদ সহায়তা ছাড়ের বিষয়ে বর্তমান বোর্ড সম্প্রতি সরকারের শীর্ষ পর্যায়, অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একাধিক বৈঠক করেছে। এসব আলোচনার ধারাবাহিকতায় দ্রুত সময়ের মধ্যেই ২ হাজার ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়–এর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১ হাজার ৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজিএমইএ তাদের সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞাপন
টিএই/এআর

