সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবারও সেরা ভ্যাট দাতা সম্মাননা দেবে না এনবিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

nbr
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরেও সেরা ভ্যাটদাতা ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে এনবিআর প্রতিবছর ভ্যাট প্রদানে উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে শীর্ষ ৯ ভ্যাট প্রদানকারী এবং জেলা পর্যায়ে আরও ১৩৮ প্রতিষ্ঠানকে সম্মানিত করতো।


বিজ্ঞাপন


তবে গত বছর রাজনৈতিক পট-পরিবর্তনসহ কিছু জটিলতার কারণে সম্মাননা প্রদান অনুষ্ঠান করেনি সংস্থাটি। সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, সেরা প্রতিষ্ঠান নির্বাচন করার পদ্ধতিতে সংশোধন করে দেওয়া হবে ওই সম্মাননা। তবে তাদের ওই উদ্যোগ আলোর মুখ দেখেনি।

আগামী ১০ ডিসেম্বর ভ্যাট দিবস, আর ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর। এ লক্ষ্যে গত নভেম্বর মাসে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করে সংস্থাটি।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সভাপতি করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

বাকি সদস্যরা হলেন- কাস্টমস: নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য, কাস্টমস: রফতানি, বন্ড ও আইটি, করনীতি, কাস্টমস: নীতি ও আইসিটি, মুসক বাস্তবায়ন ও আইটি শুল্ক ও ভ্যাট প্রশাসন, মুসক নীতি, মুসক নিরীক্ষা ও গোয়েন্দা দফতরের সদস্য পদমর্যাদার কর্মকর্তারা।


বিজ্ঞাপন


সম্প্রতি অনুষ্ঠান উদযাপন উপকমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যবিবরণী সূত্রে জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারও সর্বোচ্চ মুসক পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার (সম্মাননা ও ক্রেস্ট) প্রদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে বলে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

তবে সরকারের আর্থিক ব্যয় কৃচ্ছসাধন নীতি অনুসরণ করে সীমিত আকারে এবারের দিবসটি উদযাপনের বিষয়টি বিবেচনায় রেখে সাজসজ্জার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকাস্থ গুরুত্বপূর্ণ ও জনসমাগম হয় সেসব স্থানে বিশেষ করে সড়ক, সড়কদ্বীপ ও ফ্লাইওভার, ওভারব্রিজ ইত্যাদি স্থানে ব্যানার, রোল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দ্বারা সজ্জিত করে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন করা এবং অনুষ্ঠানটি যেন নতুন ভ্যাট নিবন্ধ জনসচেতনতা বৃদ্ধিমূলক, অনাড়ম্বরপূর্ণ ব্যয় এবং সুসংগঠিত রাখা, নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে ১০-১৫ ডিসেম্বর সব ভ্যাট কমিশনারেট/বিভাগে/সার্কেলে সেবা কেন্দ্র/বুথ/ডেস্কের মাধ্যমে বিভিন্ন শপিং মল, বাজারের অনিবন্ধিত প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক নিবন্ধন দেওয়া ও ভ্যাটকেন্দ্রিক সমস্যা সমাধান নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

২০০৫ সাল থেকে সর্বোচ্চ ভ্যাটদাতাদের জন্য পুরস্কার ও সম্মাননা নীতিমালা চালু করা হয়। সেই নীতির আওতায় পরবর্তী বছরগুলোতে নিয়মিতভাবে সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর