সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘বাজারে অস্থিরতা দেখিয়ে পেঁয়াজ আমদানিতে বিভিন্ন মহলের চাপ’ 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

‘বাজারে অস্থিরতা দেখিয়ে পেঁয়াজ আমদানিতে বিভিন্ন মহলের চাপ’ 
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বাজারে অস্থিরতা দেখিয়ে আমদানির অনুমতি চেয়ে বিভিন্ন মহল চাপ দিচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘দেশে এবার পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়েছে। সরকার আপাতত আমদানির অনুমতি দিচ্ছে না।‘

উপদেষ্টা আজ বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব বলেন।


বিজ্ঞাপন


উপদেষ্টা বলেন, দেশীয় উৎপাদন ও কৃষকের ন্যায্যমূল্যের বিষয়টি বিবেচনায় রেখে সরকার আপাতত আমদানির অনুমতি দিচ্ছেনা। কৃষকের স্বার্থই এখানে প্রধান। গ্রীষ্মকালীন পেঁয়াজও বাজারে চলে আসছে, আগামী মাসে পুরোদমে চলে আসলে পেঁয়াজ নিয়ে কোনো সংকট হবে না।

জাহাঙ্গীর আলম বলেন, চলতি মৌসুমে আলুর দাম কমে যাওয়ায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমন ধান ৫০ শতাংশের মতো কাটা হয়েছে। মাঠের অবস্থা অনুকূলে থাকায় আমনে এবার বাম্পার ফলনেরও আশা করেন উপদেষ্টা।  

সার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পর্যাপ্ত সার মজুদ আছে, সরবরাহেও কোনো সংকট নেই, গ্যাসের দামের সঙ্গে সারের দাম বাড়ার সম্পর্ক নেই। কৃষক সার ন্যায্য মূল্যেই পাবে।

উপদেষ্টা বলেন, দেশের যেসব ইউনিটে সার ডিলার নেই সেগুলোতে ডিলার নিয়োগ হবে। পুরোনো সার ডিলাররা নতুন নীতিমালা অনুযায়ী বহাল থাকবেন, তবে বাদ যাবেন অনিয়মকারীরা।


বিজ্ঞাপন


উপদেষ্টা কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর সংস্থায় চলমান নিয়োগ শতভাগ স্বচ্ছ হবে বলে মন্তব্য করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া উপস্থিত ছিলেন। 
 
এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর