মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনলাইনে এনবিআরের ভ্যাট রিফান্ড মডিউল চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

অনলাইনে এনবিআরের ভ্যাট রিফান্ড মডিউল চালু

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের জন্য অনলাইনে ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে। যার মাধ্যমে ভ্যাট রিফান্ড আবেদন, যাচাই-বাছাই ও অর্থ প্রদান সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করা যাবে।

সোমবার (১০ নভেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এনবিআর জানায়, নতুন এই মডিউলের মাধ্যমে ভ্যাট রিফান্ডের অর্থ BEFTN (Bangladesh Electronic Fund Transfer Network) ব্যবস্থার আওতায় সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে। এর ফলে করদাতাদের আর ভ্যাট অফিসে গিয়ে রিফান্ড আবেদন দাখিল বা চেক গ্রহণ করতে হবে না।

এনবিআর আরও জানিয়েছে, এই সিস্টেমের মাধ্যমে iVAS (Integrated VAT Administration System) ও অর্থ বিভাগের iBAS++ এর মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। করদাতারা অনলাইনে মূসক রিটার্নের মাধ্যমে প্রাপ্য ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল করতে পারবেন। সংশ্লিষ্ট কমিশনারেট আবেদন যাচাই-বাছাই করে অনুমোদন দিলে স্বয়ংক্রিয়ভাবে অর্থ স্থানান্তর হবে।

এর ফলে করদাতাদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি রিফান্ড প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে এনবিআর আশা করছে।

এ ছাড়া, পূর্বে অনলাইনে বা ম্যানুয়াল পদ্ধতিতে দাখিলকৃত অনিষ্পন্ন রিফান্ড আবেদনগুলো পুনরায় অনলাইনে মূসক-৯.১ ফরমের মাধ্যমে দাখিল করতে হবে।


বিজ্ঞাপন


নতুন এই মডিউলটি সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে এনবিআর সকল ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে। করদাতারা সংশ্লিষ্ট মূসক কমিশনারেটে যোগাযোগ করে অনলাইন রিফান্ড প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।

এনবিআর জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে রাজস্ব ব্যবস্থার ডিজিটালাইজেশনে আরও এক ধাপ অগ্রগতি হলো এবং ভবিষ্যতে সংস্থার সকল কার্যক্রম সম্পূর্ণ অটোমেশন ব্যবস্থার আওতায় আনা হবে।

এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর