রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘বিশ্ব বিনিয়োগ পরিবেশ দ্রুত বদলাচ্ছে, বিডাকেও তাল মেলাতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

‘বিশ্ব বিনিয়োগ পরিবেশ দ্রুত বদলাচ্ছে, বিডাকেও তাল মেলাতে হবে’
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগ প্রক্রিয়ার ধাপসমূহের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের সাংগঠনিক কাঠামোয় এনেছে ব্যাপক সংস্কার। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, বিডা অন্যান্য সাধারণ সরকারি দপ্তরের মতো নয়। এটি একটি বিশেষায়িত সংস্থা, যার মূল দায়িত্ব বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী দ্রুত সাড়া দেওয়া। বিশ্বব্যাপী বিনিয়োগ পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই বিডাকেও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এই কাঠামোগত সংস্কার দেশি ও বিদেশি অংশীজনদের দীর্ঘদিনের পরামর্শের ফলাফল, যা আমরা এখন বাস্তবে রূপ দিচ্ছি।

আজ রোববার (২ নভেম্বর) বিডার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ‘পুনর্বিন্যাসকৃত সাংগঠনিক কাঠামো বিষয়ে অবহিতকরণ সভায়’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বিনিয়োগ কাঠামোয় বড় পরিবর্তন

বিডার নতুন কাঠামো সাজানো হয়েছে ইনভেস্টমেন্ট লাইফ সাইকেল এর সঙ্গে সামঞ্জস্য রেখে, যাতে বিনিয়োগকারীরা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে পান সমন্বিত সহায়তা।

বিডার কাঠামোগত সংস্কার সরকারের ঘোষিত ৩২ দফা বিনিয়োগ পরিবেশ সংস্কার কর্মপরিকল্পনা-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে বাংলাদেশকে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে রূপ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

নতুন কাঠামোর উল্লেখযোগ্য দিক


বিজ্ঞাপন


বিডার কাঠামোগত সংস্কারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে—

১. নির্বাহী সদস্য পদে এখন থেকে বেসরকারি খাতের পেশাজীবীরাও অংশগ্রহণ করতে পারবেন, যা আগে শুধুমাত্র প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত ছিল।

২. রিসার্চ অ্যান্ড পলিসি ও ইনভেস্টমেন্ট প্রোমোশন শাখাকে পৃথক ইউনিট হিসেবে গঠন করা হয়েছে।

৩. প্রবাসী বিনিয়োগকারীদের জন্য বিশেষ ডেস্ক চালু করা হচ্ছে।

৪. খাতভিত্তিক সহায়তায় বিশেষজ্ঞ ও রিলেশনশিপ ম্যানেজার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

একীভূত বিনিয়োগ কাঠামোর রোডম্যাপ

সরকারের একটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটি বর্তমানে দেশের সব বিনিয়োগ সংস্থা (Investment Promotion Agencies–IPAs) সমন্বিত করে একটি একীভূত কাঠামো প্রণয়নের রোডম্যাপ তৈরি করছে। এর ফলে বিনিয়োগকারীরা খণ্ডিত সেবা ব্যবস্থার পরিবর্তে একক প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় সব সেবা পাবেন।

বিডা ইতোমধ্যে নতুন কাঠামোর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে। শিগগিরই এই কাঠামো সম্পর্কিত বিস্তারিত তথ্য বিডার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর