বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজস্ব বৃদ্ধি ও কর জাল সম্প্রসারণে এনবিআরের ১২ নতুন ইউনিট গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

রাজস্ব বৃদ্ধি ও কর জাল রোধে এনবিআরের ১২ নতুন ইউনিট গঠন
জাতীয় রাজস্ব ভবন

রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি কর জাল সম্প্রসারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনে ব্যাপক সংস্কার করেছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সরকারি আদেশে ১২টি নতুন কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) এনবিআরের পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন কাঠামোর অংশ হিসেবে ৩৭৩টি ক্যাডার পদ এবং ৩ হাজার ২২৪টি নন-ক্যাডার পদসহ মোট ৩ হাজার ৫৯৭টি নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজস্ব আদায় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা, কর প্রশাসনকে গতিশীল করা এবং অর্থনীতিতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনবিআর জানিয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী তিন ধাপে ৫টি নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিশনারেট, ৪টি নতুন কাস্টমস হাউস এবং ৩টি বিশেষায়িত দফতর গঠন করা হবে।

এছাড়া বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিটগুলোর সম্প্রসারণ, ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাস্টমস কার্যক্রম, এবং কাস্টমস ও ভ্যাট গোয়েন্দা কার্যক্রমের বিকেন্দ্রীকরণও করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় অনুমোদন শেষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে চূড়ান্ত আদেশ জারি করেছে।

এনবিআর আশা করছে, প্রশাসনিক পুনর্গঠনের ফলে পরোক্ষ কর আহরণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি পাবে, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

এমআর/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর