বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

পাইকারিতে কমলেও খুচরা বাজারে কমছে না চালের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

পাইকারিতে কমলেও খুচরা বাজারে কমছে না চালের দাম
ছবি: ঢাকা মেইল।

পাইকারি বাজারে বস্তাপ্রতি চালের দাম কমেছে ২০০ থেকে ৩০০ টাকা। দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার চষে বেড়াচ্ছেন খাদ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের কর্মকর্তারা। তবে সেই প্রভাব নেই খুচরা বাজারে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং কাঁচাবাজার, শিয়া মসজিদ বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


বিক্রেতাদের ভাষ্য, সব ধরণের চালের দাম কেজিতে এক থেকে তিন টাকা পর্যন্ত কমেছে। তবে ক্রেতাদের মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপর যে হারে চালের দাম বেড়েছে, সে হারে কমছে না।

বাজারে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। আটাশ চালের কেজি ৫৫ টাকা, মোটা চালের মধ্যে পাইজাম বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা কেজি দরে। প্রক্রিয়াজাত মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা।

চন্দ্রিমা হাউজিং কাঁচাবাজারের একজন চাল ব্যবসায়ী ঢাকা মেইলকে বলেন, ‘দাম কমছে তো। কেজিতে এক-দুই টাকা কমছে। আর কমবে কি—না জানি না।’


বিজ্ঞাপন


একই ভাষ্য শিয়া মসজিদ বাজারের ব্যবসায়ীদের। তবে পাইকারি বাজারে দাম কমার তথ্য জানা আছে ক্রেতাদের। বস্তা প্রতি দুই থেকে তিনশো টাকা কমলে খুচরা বাজারে কেজি প্রতি চার থেকে ছয় টাকা কমার কথা। কিন্তু বাস্তবে তা পরিলক্ষিত হচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের।

মো. সুমন নামে একজন ক্রেতা বলেন, ‘পাইকারিতে দাম কমছে খবরে পড়লাম। কিন্তু খুচরা তো কমে না। দোকানদাররা বলে, তাদের আগের কেনা চাল।’

এই ক্রেতার অভিযোগ, দাম বাড়ার খবর কানে আসতে এই বিক্রেতারাই আগে কিনে রাখা পণ্য বেশি দামে বিক্রি করেন।

একই অভিযোগ আশিক আহমেদ নামে আরেকজন ক্রেতার। তিনি বলেন, ‘দাম কোথায় কমলো? গত সপ্তাহে ১০ কেজি চাল নিলাম ৭৩ টাকা করে। এ সপ্তাহে ৭২ করে নিলো। এটা কম? বাড়ার সময় তো এক লাফে কেজিতে ৫-৬ টাকা বাড়ে।’

কারই/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর