রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

আজ সেই ভয়াল ২৯ নভেম্বর

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

আজ সেই ভয়াল ২৯ নভেম্বর

আজ সেই ভয়াল ২৯ নভেম্বর। ১৯৮৮ সালের এই দিনে প্রলঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় উপকূলীয় অঞ্চলের বিস্তৃত জনপদ। ভয়াল তাণ্ডবের কথা স্মরণ করে এখনও আঁতকে ওঠেন বাগেরহাটসহ উপকূলীয় এলাকার মানুষ। ভয়াবহ সেই তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় বাগেরহাটসহ উপকূলীয় জনপদ। নিশ্চিহ্ন হয়ে যায় মানুষের ঘরবাড়িসহ সহায়-সম্পদ। বঙ্গোপসাগরে ডুবে যায় সহস্রাধিক মাছধরা ট্রলার। নিখোঁজ হন সহস্রাধিক জেলে।

সমুদ্রে ফুঁসে ওঠা জলরাশির সঙ্গে বাতাসের তীব্রতা এ জনপদকে বিধ্বস্ত করে ভাসিয়ে নিয়েছিল। প্রকৃতির রুদ্র খেয়ালের তাণ্ডবে ক্ষতবিক্ষত স্মৃতিচিহ্ন বুকে নিয়ে সেদিনের স্বজনহারা মানুষ আজও স্মরণ করছে ভয়াল এ দিনটিকে। সেদিন হঠাৎ করেই ক্ষেপে যায় প্রকৃতি। মুহূর্তেই প্রবল ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস আঘাত হানে উপকূলীয় এ জনপদে। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও মোংলার কয়েক হাজার মানুষকে মৃত্যুর নির্মম হিমশীতল পরশ আলিঙ্গন করে। দক্ষিণাঞ্চলের অন্যতম পতিতাপল্লী বানিশান্তার যৌনকর্মীরা সেদিন আপ্রাণ চেষ্টা চালিয়েও লোকালয়ে আশ্রয় পায়নি। প্রবল জলোচ্ছ্বাসের তোড় আর ঘরচাপা পড়ে ওই নিষিদ্ধ পল্লীর ১৬০ যৌনকর্মী সেদিন প্রাণ হারিয়েছিল। আজ পূর্ণ হচ্ছে সেই ভয়াল প্রলঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ৩৮ বছর।

অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আমি তখন চাঁদপাই রেঞ্জে কর্মরত ছিলাম, ওই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে সুন্দরবনের প্রায় ১৫ ভাগ লন্ডভন্ড হয়। সুন্দরবনের শক্তিশালী রয়েল বেঙ্গল টাইগার, মায়াবী চিত্রা হরিণসহ শত শত গবাদিপশুও রেহাই পায়নি। সর্বত্র মৃতদেহের বীভৎস দৃশ্য আজো মানুষের মনকে নাড়া দেয়। সুন্দরবন-সংলগ্ন সাগরদ্বীপ দুবলা, আলোরকোল, চর মেহেরআলী, জেলের ট্যাক ও মাঝের চরে অবস্থানরত প্রায় ১০ হাজার জেলের কেউ বাঁচতে পারেনি। সেদিন মানুষ ও পশুর লাশ একাকার হয়ে ছড়িয়ে পড়েছিল সাগর আর নদীর জলরাশিতে। নিহত অনেক জেলের লাশ সেদিন বাধ্য হয়ে মাটিচাপা দেয়া হয়েছিল সমুদ্রে জেগে ওঠা চরে। সেই থেকে জেলেরা ওই চারটির নাম দিয়েছে ‘মরণ চর’।

উল্লেখ্য, আজ পূর্ণ হচ্ছে ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ৩৮ বছর। সর্বত্র মৃতদেহের বীভৎস দৃশ্য আজও মানুষের হৃদয়কে নাড়া দেয়। ইতিহাসের নির্মম এ ঘটনার পর সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তার জন্য সরকারিভাবে সমুদ্রবক্ষের চরগুলোতে ৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জেলেদের আগাম সতর্ক করার জন্য মৌসুমি পূর্বাভাস কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিবছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দুবলার চরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় একটি বেতার যন্ত্রসহ একজন কর্মকর্তা দুবলায় অবস্থান করে জেলেদের মধ্যে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের নিয়ে কর্মসূচি পরিচালনা করে আসছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর