পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ।
আগামী ২৯ ও ৩০ নভেম্বর চাঁদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে জেলা যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ফিরোজ আবদুল্লাহ বলেন, চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটি সুন্দর ও দক্ষ হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ত্যাগ স্বীকার করেও কেউ যেন বাদ না পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর বিএনপির হাতে তাদের কোনো নেতাকর্মী নিহত হননি। বিএনপির নেতা তারেক রহমান সবাইকে ক্ষমা করে দিয়েছেন। অথচ আওয়ামী লীগ সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের নিরাপত্তায় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন: ষড়যন্ত্র করে আ. লীগের আর কোনো লাভ হবে না: দুদু
তিনি বলেন, ক্ষমতা দিয়ে নয়, ইনসাফের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন আকাশের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় সহ-সমন্বয়ক এজমল হোসেন পাইলট। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আশরাফুর রহমান বাবু।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ নাছির উদ্দিন সরকার শাওন।
সভায় বক্তারা বলেন, হাসপাতাল ও থানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় চাঁদপুরের বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




