বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

নাকুগাঁও বন্দরে পাথর আমদানি অর্ধেক, কর্মহীন শত শত শ্রমিক

মো. আতিকুর রহমান, শেরপুর
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

নাকুগাঁও বন্দরে পাথর আমদানি অর্ধেক, কর্মহীন শত শত শ্রমিক

ভারত ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতায় তা কাজে লাগাতে পারছে না শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর। ভুটান থেকে তুলনামূলক কম দামে পাথর আমদানির সুযোগ থাকলেও সীমান্তপথের জটিলতা, ভারতীয় ব্যবসায়ীদের বিভিন্ন শর্ত, চাঁদাবাজির অভিযোগ, ভিসা সংকট, দুর্বল সড়ক যোগাযোগ ও কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় বাধাগ্রস্ত হচ্ছে বাণিজ্য কার্যক্রম। এর সরাসরি প্রভাব পড়েছে বন্দরের সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষের কর্মসংস্থানে। কাজের অভাবে বেকার হয়ে পড়ছেন শত শত শ্রমিক।

বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত দুই বছরে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর আমদানির পরিমাণ প্রায় অর্ধেকে নেমেছে। ২০২৩ সালের পর থেকে নিয়মিত রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। কয়লা আমদানিও বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের সামগ্রিক বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। একাধিক পণ্যের আমদানি-রফতানি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে সীমিত কয়েকটি পণ্যের ওপর নির্ভর করেই চলছে বন্দরের কার্যক্রম।

ভুটান থেকে পাথর আমদানির ব্যবসায় যুক্ত জাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, ভারতীয় পাথরের তুলনায় ভুটানের পাথর কম দামে আমদানি করা সম্ভব। তবে ভুটান থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে পাথর আনার ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীদের বিভিন্ন শর্তের পাশাপাশি সীমান্তপথে বিভিন্ন মহলের চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

তিনি জানান, আগে প্রতি রোববার ভুটান থেকে পাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করত। কিন্তু গত দুই সপ্তাহ ধরে এ কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা রোববার নিজেদের পাথর আমদানি না করার কথা জানিয়ে ভুটানের পাথরবাহী ট্রাকও বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

নাকুগাঁও আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পাথর আমদানিতে নানা জটিলতা তৈরি হচ্ছে। পাথরের পাশাপাশি কয়লা ও অন্যান্য পণ্যের বাণিজ্য পুনরায় চালু করা এবং ব্যবসায়ীদের মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ বাড়ানো গেলে বন্দরের কার্যক্রম গতিশীল হবে। এতে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিকদের কাজের সুযোগ বাড়বে।

স্থানীয় ব্যবসায়ী কামরুল জানান, একসময় নাকুগাঁও স্থলবন্দর দিয়ে কাপড়, পাম অয়েল, মাছ, মশারি, তৈরি পোশাক ও সিমেন্টসহ বিভিন্ন পণ্য ভারতে রফতানি করা হতো। একই সঙ্গে ভারত থেকে কয়লা আমদানি করা হতো। কিন্তু ২০২৩ সালের পর নিয়মিত রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কয়লা আমদানিও কার্যত বন্ধ রয়েছে। ফলে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম আগের তুলনায় অনেকটাই সীমিত হয়ে পড়েছে।

ee2c733a-90be-4d61-9951-5770f5ecb5f5

নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ পলাশ চন্দ্র সরকার বলেন, সরকারি বিধি-নিষেধ ও নির্দেশনা মেনেই সীমান্তের ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে ভিসাসংক্রান্ত জটিলতার কারণে এ পথে ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত আগের তুলনায় অনেক কমে গেছে। ভিসা প্রদান ও আবেদন কেন্দ্রের কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।

বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (ট্রাফিক) মো. জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে নাকুগাঁও স্থলবন্দরের বাণিজ্য মূলত ভারত থেকে পাথর আমদানির ওপর নির্ভরশীল। ভারত থেকে ২১ ধরনের পণ্য আমদানির অনুমোদন রয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে আইনসম্মত সব ধরনের পণ্য রফতানির সুযোগ রয়েছে। কিন্তু অনুমোদিত এসব সুযোগের যথাযথ ব্যবহার হচ্ছে না।

তিনি বলেন, একটি মাত্র পণ্যের ওপর নির্ভর করে কোনো স্থলবন্দরের কার্যক্রম সচল রাখা সম্ভব নয়। বন্দরের বাণিজ্যিক পরিসর বাড়াতে পণ্যের বৈচিত্র্য আনা জরুরি। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যেতে পারে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানির পরিমাণ কয়েক বছর ধারাবাহিকভাবে বেড়েছিল। ২০১৯-২০ অর্থবছরে ৮৫ হাজার ৩৫ মেট্রিক টন পাথর আমদানি হয়। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৭৬ হাজার ৪৮৩ মেট্রিক টনে। এরপর ২০২৩-২৪ অর্থবছরে আমদানি সর্বোচ্চ ৩ লাখ ৯১ হাজার ১৩৭ মেট্রিক টনে পৌঁছায়।

তবে পরবর্তী সময়ে আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। ২০২৫-২৬ অর্থবছরে পাথর আমদানির পরিমাণ কমে প্রায় ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টনে নেমেছে। অর্থাৎ দুই অর্থবছরের ব্যবধানে আমদানি কমেছে প্রায় ৫০ শতাংশ।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, বেশ কিছু কারখানায় ছুটি

বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে এর সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষের ওপর। পণ্য ওঠানো-নামানো, ট্রাক থেকে পণ্য খালাস, পাথর ভাঙা ও পরিবহনের কাজে আগের মতো কর্মব্যস্ততা নেই। অনেক শ্রমিক নিয়মিত কাজ পাচ্ছেন না। কেউ কেউ দীর্ঘদিন ধরে কর্মহীন। আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর, কয়লা, চুনাপাথর, কাঠ, সার, পেঁয়াজ, রসুন, আদা, ফল ও গমসহ বিভিন্ন পণ্য আমদানির অনুমোদন রয়েছে। নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া ভুটানের পণ্যও আমদানি করা যায়। একইভাবে বাংলাদেশ থেকে আইনসম্মত সব ধরনের পণ্য রফতানির সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে বন্দরটির আমদানি কার্যক্রম মূলত পাথরনির্ভর হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তাদের মতে, নাকুগাঁও স্থলবন্দরের বাণিজ্যিক সম্ভাবনা ফিরিয়ে আনতে ভুটান থেকে পাথর আমদানির বাধা দূর করা, ভারতীয় সীমান্তে বাণিজ্যসংক্রান্ত জটিলতার সমাধান, ভিসা প্রক্রিয়া সহজ করা, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং আমদানি-রফতানিতে নতুন পণ্য যুক্ত করা জরুরি। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বন্দরের বাণিজ্য বাড়ার পাশাপাশি স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থানও ফিরে আসতে পারে। অন্যথায় বাণিজ্য আরও সংকুচিত হলে বন্দরের ওপর নির্ভরশীল মানুষের সংকট বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর