বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

হাতিয়ায় সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

বর্ষা শেষ হলেও নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নের মানুষের সড়ক দুর্ভোগ কমেনি। কাদা, পানি আর খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আলী বাজারসংলগ্ন গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। দীর্ঘদিনের এ ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে এবার সড়কের কাদাপানিতে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার হরণী ইউনিয়নের আলী বাজার ও বাজারসংলগ্ন মসজিদের সামনে সড়কের কাদাপানিতে ধানের চারা রোপণ করে এ প্রতিবাদ জানানো হয়। পরে স্থানীয়দের উদ্যোগে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

2f7e5e13-d480-46c7-a122-28e752cd47ff

মানববন্ধনে স্থানীয় বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন আলী বাজার বণিক কমিটির সেক্রেটারি জামসেদুল ইসলাম টুটুল, আল কুরআন একাডেমির প্রধান শিক্ষক মুফতি নুর ইসলাম এবং বাজারসংলগ্ন মসজিদ কমিটির সেক্রেটারি মফিজুর রহমান দুলালসহ স্থানীয় ব্যক্তিরা।

f93a029c-2602-458e-aaf6-e9331f33dfd1

বক্তারা বলেন, আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার পর্যন্ত সড়কের বিশেষ করে আলী বাজার ও মসজিদসংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বড় বড় গর্ত ও খানাখন্দে সামান্য বৃষ্টিতেই পানি ও কাদা জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পণ্যবাহী যানবাহন ও অটোরিকশা চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সড়কটির বেহাল অবস্থার কারণে স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থী এবং মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও জানান তারা।

0284b3d0-5e61-46e8-96dc-8ba7c3b2f5df

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থা বিরাজ করলেও সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। বারবার দুর্ভোগের শিকার হয়েও প্রতিকার না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।

এলাকাবাসী জানান, যে সড়ক দিয়ে একসময় নির্বিঘ্নে চলাচল করা যেত, সেটিই এখন তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের কাদাপানিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদের মাধ্যমে তারা দীর্ঘদিনের অবহেলার বিষয়টি তুলে ধরেছেন। জনদুর্ভোগ লাঘব ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কটির সংস্কার ও পাকাকরণকাজ শুরুর দাবি জানিয়েছেন তারা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর