বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘মুক্তিযোদ্ধা’ বানানোর কথা বলে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

‘মুক্তিযোদ্ধা’ বানানোর কথা বলে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
অভিযুক্ত সাবেক কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা

মহান মুক্তিযুদ্ধে কখনো অংশ নেননি। তবুও ‘বীর মুক্তিযোদ্ধা’র ভুয়া সার্টিফিকেট বা সনদপত্র তৈরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক দফায় হাতিয়ে নেওয়া হয় ১০ লাখ ৫০ হাজার টাকা। এমনই অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞার বিরুদ্ধে।

সম্প্রতি এ নিয়ে ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহানারা আজিজ নামে এক ভুক্তভোগী নারী। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়নের সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের স্ত্রী। গত রোববার বিকালে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জাহানারা আজিজের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৭১ সালে তার স্বামী মহান মুক্তিযুদ্ধে কখনো অংশগ্রহণ করেননি। মুক্তিযোদ্ধা মজিদ মিঞা তার স্বামীকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া ও সার্টিফিকেট সনদপত্র তৈরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন দফায় ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন।

অভিযোগে উল্লেখ করা হয়, এই টাকা অপর বীর মুক্তিযোদ্ধা ইসহাক মির্জার সঙ্গে নিয়ে মজিদ মিঞার কাছে জমা দেওয়া হয়। পরবর্তীতে বারবার তার কাছে সার্টিফিকেট অথবা প্রদানকৃত টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। বর্তমানে তিনি সার্টিফিকেট দিচ্ছেন না, টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানাচ্ছেন।

জাহানারা আজিজ বলেন, দীর্ঘদিন ধরেই তার স্বামীর সঙ্গে মুক্তিযোদ্ধা মজিদ মিঞার ওঠাবসা ছিল। সেই সুযোগে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরি করে দেওয়ার কথা বলে ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে সার্টিফিকেট করে দিতে নানা টালবাহানা ও অজুহাত দেখানো হয়। এ নিয়ে বহুবার তার কাছে সার্টিফিকেট বা টাকা ফেরত চাইতে গেলে তিনি দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তার স্বামী ঋণের চাপে দিশেহারা হয়ে মৃত্যুবরণ করেছেন।

ভুক্তভোগী সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের ছবি হাতে স্ত্রী জাহানারা আজিজ
ভুক্তভোগী সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের ছবি হাতে স্ত্রী জাহানারা আজিজ

তিনি আরও বলেন, একদিকে সুদের টাকার চাপ, অন্যদিকে মজিদ মিঞার কাছে দেওয়া ১০ লাখ ৫০ হাজার টাকা ফেরত না পাওয়ায় তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রতারণার শিকার হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি। এখনো মজিদ মিঞা নানা টালবাহানা করছেন। তাই তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

প্রতিবেশি রুবেল খান বলেন, মুক্তিযোদ্ধা মজিদ মিঞা মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে মরহুম আব্দুল আজিজের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ও প্রতারণা করেছেন। এ নিয়ে একাধিকবার তাকে তাগিদ দিলেও তিনি কোনো সাড়া দেননি। তাই টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগী ওই নারী আইনের আশ্রয় নিয়েছেন। ভুয়া মুক্তিযোদ্ধা তৈরির কারিগর এই মজিদ মিঞা রাষ্ট্রদ্রোহী কাজ করছেন। তার শাস্তি হওয়া দরকার।

টাঙ্গাইল জেলা বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল লতিফ খান জানান, মজিদ মিঞা নিজেই একজন ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে আরেকজনকে ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর জন্য টাকা নিয়েছেন। শুধু আজিজের কাছ থেকে নয়, প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। তিনি ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর কারিগর। তাকে বিচারের আওতায় আনা উচিত।

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা মুঠোফোনে জানান, তিনি কারো কাছ থেকে টাকা নেননি। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে ষড়যন্ত্র করা হচ্ছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, তিনি এক ভুক্তভোগী নারীর অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর