বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে অনিয়ম-দুর্নীতির দায়ে স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে অনিয়ম-দুর্নীতির দায়ে স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি
ডা. আমানউল্লাহ আল মামুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনকে ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে ওএসডি করা হয়েছে। এছাড়াও ওই কর্মকর্তা আগামী ২৫ নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৬ নভেম্বর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে টনক নড়ে স্বাস্থ্য বিভাগের। ২০২৬ সালের জুন মাসে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ডা. আমানউল্লাহ আল মামুন। ওই চিকিৎসকের বিরুদ্ধে অন্যের স্বাক্ষর জাল করে সেপটিক ট্যাংক পরিষ্কার করার নামে ৩০ হাজার টাকা আত্মসাৎ, ঘুসের মাধ্যমে সিলগালা করা ক্লিনিক খুলে দেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আর এসব প্রতিবেদন ও স্থানীয়দের অভিযোগ নজরে আসে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের। এরপর রাশেদ খান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করলে ওএসডি করা হয় ডা. আমানুল্লাহ আল মামুনকে। এদিকে, এই দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকতার বদলির খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা স্বস্তি ফিরে পেয়েছে।

এ ব্যাপারে জানতে ডা. আমানউল্লাহ আল মামুনের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি। 

সর্বশেষ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের খবরের সত্যতা পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে সরিয়ে দেওয়ার আহ্বান করি। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাকে সরিয়ে দেওয়ায় কালীগঞ্জের মানুষ স্বস্তি পাচ্ছে। কালীগঞ্জে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফোন দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে বিভিন্ন অনিয়মের কারণে বরিশালের বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. আমানউল্লাহ আল মামুনকে অবরুদ্ধ করে স্থানীয় জনতা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ঝিনাইদহের কোটচাঁদপুরে দায়িত্ব পালন করেন। বিভিন্ন অনিয়মের কারণে তাকে আবার পিরোজপুরের মঠবাড়িয়া বদলি করা হয়।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর