ভোরের নীরবতা ভেঙে হঠাৎ ভূমিকম্পের কম্পন। ঘুমের রেশ কাটার আগেই কেঁপে উঠল সীমান্ত জেলা পঞ্চগড়সহ আশপাশের কয়েকটি এলাকা। আকস্মিক এ কম্পনে অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে সাময়িক আতঙ্ক। কেউ ঘুম থেকে জেগে ওঠেন, আবার কেউ নিরাপত্তার কথা ভেবে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। পঞ্চগড় থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
সকালে হঠাৎ ভবন ও ঘরবাড়িতে কম্পন অনুভূত হওয়ায় পঞ্চগড়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ভূমিকম্প অনুভবের অভিজ্ঞতা জানিয়ে পোস্ট করেন।
ভূমিকম্পের অভিজ্ঞতা জানিয়ে জুলহাস উদ্দিন বলেন, আমি বেশ ভালোই বুঝতে পেরেছি এবং ঘর থেকে বের হয়ে এসেছি, যদিও অন্যরা সবাই ঘুমিয়ে ছিল।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আবহাওয়া অধিদফতর থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
হঠাৎ এ ভূকম্পনে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিনিধি/টিবি




