উত্তরের হিমালয়ঘেঁষা জেলা পঞ্চগড়ে কুয়াশাচ্ছন্ন আকাশ, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস আর ঠান্ডার দাপটে জনজীবনে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের পর থেকে সকাল পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন সোমবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রার সামান্য পরিবর্তন হলেও হিমেল বাতাস ও কুয়াশার কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে।
স্থানীয়রা জানান, রাত থেকেই হিমেল বাতাস বইছে। সকালে আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না। সকাল ও সন্ধ্যার পর ঠান্ডার তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকছে। বিকেলের পর আবারও হিমেল বাতাসে শীতের প্রকোপ বাড়ছে।
এদিকে, শীতের মধ্যেও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হচ্ছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। চা-বাগান, খনি এলাকা ও নদীঘাটসহ বিভিন্ন স্থানে শ্রমিকদের কর্মব্যস্ততা দেখা গেছে। ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুরদের প্রতিদিনের মতোই জীবিকার সন্ধানে ছুটতে হচ্ছে। তবে সকালের ঠান্ডা ও কুয়াশা তাদের স্বাভাবিক কর্মজীবনে কিছুটা প্রভাব ফেলছে।
অন্যদিকে, শীতের আবহে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। সর্দি-কাঁশি, হাঁপানি ও নিউমোনিয়াসহ বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ঘেঁষা অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন আগে ঘটে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
প্রতিনিধি/টিবি




