হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা। এক দিনের ব্যবধানে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। হালকা কুয়াশা, উত্তরের হিমেল বাতাস আর সন্ধ্যার পর বাড়তে থাকা ঠান্ডার অনুভূতিতে জেলাজুড়ে বইতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। এর মধ্যে বুধবার রাতে ৮ মিলিমিটার বৃষ্টিপাতও হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার এ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
সকালে জেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, হালকা কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সূর্যের আলো। ভোর থেকেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়ছেন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক এবং কৃষকেরা। তবে সকালবেলার ঠান্ডা বাতাসে শ্রমজীবী মানুষের মধ্যে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা অনুভূত হলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বাড়তে থাকে ঠান্ডা। বিশেষ করে রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত উত্তরের হিমেল বাতাসে শীতের অনুভূতি বেশি থাকে। এ সময় অনেককেই কাঁথা ও চাদর গায়ে জড়িয়ে রাত কাটাতে হচ্ছে।
হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতাঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন ঘটে কিছুটা আগেই। অক্টোবরের শেষভাগ থেকেই এ অঞ্চলে শীতের আমেজ অনুভূত হতে শুরু করে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা আরও বাড়তে থাকে
এদিকে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশিসহ শীতজনিত বিভিন্ন অসুস্থতার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের ভাষ্য, শিশু ও বয়স্কদের অনেকে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতাঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে উত্তরের হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। ফলে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।
প্রতিনিধি/এসএস




