মাদারীপুরের শিবচরে বিদ্যালয়ের মাঠে শারীরিক কসরত (পিটি) করার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, প্রতিদিনের মতো সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের মাঠে শারীরিক চর্চার আয়োজন করেন শিক্ষকরা। শারীরিক শিক্ষার শিক্ষক বাঁশি বাজালে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে দাঁড়ায়। এরপর শারীরিক কসরত শুরু হয়। তিন থেকে চার মিনিটের মধ্যে হঠাৎ একে একে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় কয়েকজন জ্ঞান হারায়।

পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বিদ্যালয়ের অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম জানান, কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, তা এখনো জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নেই। সবাই শঙ্কামুক্ত।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে মিজান জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক ও আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস




